যমুনার চরে ডানা মেলল ৬৫ পাখি
পাবনার বেড়া উপজেলায় ৬৫টি বিভিন্ন প্রজাতির পাখি উদ্ধার করেছে বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিট। শনিবার বিকেলে অভিযান চালিয়ে পাখিগুলোকে উদ্ধার করে অবমুক্ত করা হয়।
বেড়া উপজেলার জাতসাকিনী ইউপির নয়াবাড়ি গ্রামের লিটন মিয়া দীর্ঘদিন ধরে বন্য পাখির ব্যবসা করে আসছিলেন।
ইউএনও আসিফ আনাম সিদ্দিকী শনিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত গঠন করে বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিটের কর্মকর্তাদের নিয়ে লিটন মিয়ার বাড়িতে অভিযান চালান।
.png)
এ সময় সেখান থেকে লিটনকে আটক ও আট প্রজাতির ৬৫টি পাখি উদ্ধার করা হয়। উদ্ধার করা পাখির মধ্যে ১০টি সরালি, ২৫টি কালিম, ১৫টি চখাচখি, চারটি বালিহাঁস, তিনটি ডুবুরি, একটি ময়না, চারটি টিয়া, তিনটি শালিক রয়েছে।
এ সময় ভ্রাম্যমাণ আদালতে লিটন মিয়াকে ছয়মাসের কারাদণ্ড প্রদান করেন। পরে সন্ধ্যার দিকে পাখিগুলোকে উপজেলার কাজিরহাটের কাছে চর এলাকায় নিয়ে গিয়ে অবমুক্ত করা হয়। এ সময় সেখানে ইউএনও আসিফ আনাম সিদ্দিকী, বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিটের পরিদর্শক আব্দুল্লাহ আস-সাদিক, বেড়া উপজেলা বন কর্মকর্তা এজাহিদ হোসেন উপস্থিত ছিলেন।
ইউএনও আসিফ আনাম সিদ্দিকী বলেন, বন্যপ্রাণি ধরা, পরিবহন ও বিক্রি আইনত অপরাধ। এ কারণে লিটন মিয়াকে ছয়মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। আর উদ্ধার করা বেশির ভাগ পাখি জলজ এলাকার বলে সেগুলোকে যমুনার চরে নিয়ে মুক্ত করা হয়েছে।